৬ কার্যদিবস পর ডিএসইর সূচক বাড়ল

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৮:২৭
 
 
 
টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে সূচক পতনের পর রবিবার শেয়ারের দর কিছুটা বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন—টানা দরপতনের ফলে অনেক কোম্পানির শেয়ারের দর নিম্ন পর্যায়ে চলে এসেছে। তাই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
 
এ দিকে, গত কয়েক দিনের ধারাবাহিকতায় রবিবারও লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল হাক্কানী পাল্প।
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৬ বেড়ে ৪ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২২ বেড়ে ১ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৩ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৪১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দর। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০১ বেড়ে ১৩ হাজার ৮১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।