রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুরে ভেজাল-বিরোধী অভিযান চালিয়ে চারজনকে ৩ লাখ ২০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কদ্দুস বলেন, ‘বাংলাদেশে তৈরি কাপড়ে বিদেশি সিল লাগিয়ে বাজারজাত করার দায়ে ইসলামপুরের আইসিটি টাওয়ারের বাবুল প্যাকেজিংয়ের মালিক বাবুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, মোয়াজ্জেম অ্যান্ড সন্সের মালিক বাচ্চু মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংক্ষণ আইন ২০০৯-এর ধারা ৫০ অনুযায়ী তাদের প্রত্যেককে অর্থ দণ্ড অনাদায়ে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
এ দিকে, লাইসেন্স ছাড়া পণ্য উত্পাদন ও বাজারজাত এবং বিভিন্ন খাদ্য সামগ্রী একই ফ্রিজে রাখার দায়ে দুটি দোকান মালিককে জরিমানা করেছেন একই আদালত।
এ ব্যাপারে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘লাক্সারি ঘি হাউজের মালিক মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই অভিযোগে মোয়াজ্জেম খান ঘি হাউজের মালিক মোয়াজ্জেম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণের সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই আইন ১৯৮৫-এর ২৪ ধারা অনুযায়ী তাদের শাস্তি দেয়া হয়েছে।’
