রাজধানীর তুরাগ নদের বেড়িবাঁধ এলাকায় নির্মাণকাজে ব্যবহূত ট্রাক থেকে পড়ে একজন হেলপার নিহত হয়েছেন। তার নাম লিপন মোল্লা (২৫)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
লিপনের সহকর্মীরা জানিয়েছেন—লিপন আশুলিয়ার এবিসি বিল্ডিং নির্মাণ কারখানার গাড়ির হেলপার ছিলেন। তিনি আশুলিয়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লিপন চলন্ত ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে তুরাগের একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এবিসি বিল্ডিং নির্মাণ কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. তারেক জানান—সিমেন্ট আনলোড করার পর সকাল সাড়ে ১১টার দিকে তুরাগের বেড়িবাঁধে গাড়ি পরিষ্কার করেন লিপন। পরে গাড়ি চালু করে বেড়িবাঁধ থেকে নেমে আসার পথে ঝাঁকুনিতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান।
