ছয় দিন পর ডিএসইর সূচক বেড়েছে

আপডেট : ২৯ জুন ২০১৫, ০২:১৮

টানা ছয় কর্মদিবস পুঁজিবাজারে দরপতনের পর গতকাল রবিবার কিছুটা বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনের ফলে অনেক কোম্পানির শেয়ার দাম নিম্ন পর্যায়ে চলে এসেছে। তাই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল হাক্কানী পাল্প।

 
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৪১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই জানিয়েছে, তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এজিএম অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল।