রেলপথ প্রকল্পে এডিবির সঙ্গে সাড়ে ৫০ কোটি ডলারের চুক্তি

আপডেট : ২৯ জুন ২০১৫, ০২:৪২

আঞ্চলিক রেল যোগাযোগ উন্নয়নে ৫০ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির এ অর্থায়নে আখউড়া-লাকসাম দ্বৈত রেললাইন স্থাপন করা হবে। এ রেল লাইন সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক) রেল কানেক্টিভিটির প্রস্তাবিত রেল রুট হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক প্রতিনিধি কাজু হিকো হিগুচি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

 
প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৮৩ কোটি ৭১ লাখ ৩০ ডলার। এর মধ্যে এডিবি ৪০ কোটি মার্কিন ডলার অর্ডিনারি ক্যাপিটেল রিসোর্সেস (ওসিআর) ঋণ এবং ১০ কোটি ৫০ লাখ ডলার এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) ঋণ প্রদান করবে। এছাড়া ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ১৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। অবশিষ্ট ব্যয় বাংলাদেশ সরকারের নিজস্ব খাত থেকে অর্থায়ন হবে। এডিবির দেয়া ঋণ পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। ওসিআর ঋণের সুদের হার লন্ডন ইনটার ব্যাংক অফার্ড রেট (এলআইওআর) ভিত্তিক এবং এডিএফ ঋণের সুদের হার ২ শতাংশ।
 

বাংলাদেশ রেলওয়ে ২০২০ সালের প্রকল্পের কাজ শেষ করবে। প্রকল্পের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম অংশে ৭২ কিলোমিটার সম্পূর্ণ নতুন দ্বিতীয় ডুয়েলগেজ দ্বৈত লাইন স্থাপন এবং বিদ্যমান লাইনটির পুনর্বাসন ও ডুয়েলগেজে প্রতিস্থাপন করা। এছাড়া এ প্রকল্পের আওতায় এ রুটের ১১টি রেলস্টেশনে আধুনিক সিগন্যালিং যন্ত্রপাতি স্থাপনসহ এ অংশে ডুয়েলগেজ দ্বৈত লাইন স্থাপিত হলে অভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। মালামাল পরিবহন ও ভ্রমণে সময় হ্রাসসহ নির্বিঘ্নে রেল যোগাযোগ, যাত্রী ও মালামাল পরিবহন সেবা উন্নত হবে  বলে অনুষ্ঠানে জানানো হয়।