জাতীয় পরিচয়পত্র নিয়ে দুর্নীতিতে দুইজন বরখাস্ত

আপডেট : ২৯ জুন ২০১৫, ১০:৩৩
জাতীয় পরিচয়পত্র নিয়ে দুর্নীতিতে জড়িত থাকায় ভোটার তালিকা প্রকল্পের দুইজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
 
এরা হলেন- আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের সহকারী পরিচালক (মুদ্রণ) মোস্তফা হাসান ইমাম এবং টেকনিক্যাল এক্সপার্ট মো. মাহমুদ হাসান।
 
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন সোমবার জানান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দিতে গিয়ে অবৈধ অর্থনৈতিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 
 
এছাড়া বাইরের লোকজনের সঙ্গে আঁতাত করে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানান তিনি। 
 
ইসি কর্মকর্তারা জানান, সাড়ে ৯ কোটি ভোটারের তথ্যভাণ্ডার শতভাগ নিখুঁত নয়। অনেক নাগরিকের নামের বানান, ঠিকানা, জন্মতারিখসহ বিভিন্ন তথ্যে ত্রুটি রয়ে গেছে।