রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ২৯ জুন ২০১৫, ১১:১৪
 
রাজধানীর মিরপুর থেকে বৃষ্টি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার স্বামী মো. মহিউদ্দিনকে আটক করা হয়েছে। রবিবার রাতে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়।
 
শাহ আলী থানার সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গুদারা ঘাট এলাকার একটি দোতলা বাড়ির নিচতলায় বৃষ্টি ও তার স্বামী থাকতেন। স্বজনরা জানিয়েছেন, গত শনিবার থেকে বৃষ্টিকে পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে বাড়ির কেয়ারটেকার পানির মজুদ দেখার জন্য রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে বৃষ্টির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
তিনি আরো জানান, কয়েকদিন আগে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যার পর লাশ রিজার্ভ ট্যাংকে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় বৃষ্টির স্বামী মহিউদ্দিনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।