গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার সকালে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করে।
২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ এ মামলাটি করেন।
