মূসক অব্যাহতির সীমা ৩০ লাখ টাকা হচ্ছে

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৬:৩১
 
 
‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ সংশোধন করে মূল্য সংযোজন কর বা মূসক অব্যাহতির সীমা ২৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হচ্ছে।  সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
 
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
 
 মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূসক অব্যাহতির সীমা বৃদ্ধি করে ৩০ লাখ টাকা করা হয়েছে। এছাড়া মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত দুই ধরনের পণ্য মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। সরিষার তেল, চিনি, আখের গুড় এবং সারের মূসক অব্যাহতি করার কথা বলা হয়েছে।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জীবন রক্ষাকারী ওষুধ যেমন- ইনসুলিকন ও ইনসুলিক এর লবণ, জন্মনিরোধোক ইনসুলিন, ক্যান্সারনিরোধক ওষুধ, কিডনি ডায়ালাইসিস সলিউশন ও ফাস্ট এইড বক্স এর সরবরাহ ও আমদানিতে মূসক অব্যাহতি দেওয়া হচ্ছে সংশোধিত আইনে।