জনপ্রিয় কৌতুক অভিনেতা মো. রাশেদ রানা পাপ্পু আর নেই।
সোমবার ভোরে সেহরি খাওয়ার পরপর হৃদরোগে আক্রান্ত হয়ে লালবাগের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগের কাজী দেওয়ান তালগাছওয়ালা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। পাপ্পুর মামা জাভেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় নয় বছর আগে বড় ছেলে মারা যাওয়ার পর একমাত্র পুত্র আবির ও স্ত্রী নিপাকে নিয়েই তিনি জীবনযাপন করে আসছিলেন।
পাপ্পুর অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, প্রায় তিন-চার মাস আগে হৃদরোগের কারণে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাপ্পু।
