ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন আহমেদের মনোনয়ন ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শেখ সানি নামের একজনকে মারধর করে তার কাছে থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়।
শেখ বোরহান উদ্দিন জানান, তিনি অসুস্থ থাকায় মোগড়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ ভূঁইয়াকে তার মনোনয়নপত্রটি জমা দেওয়ার জন্যে পাঠান। দুপুর পৌনে ১টার দিকে ইউএনও’র কার্যালয় থেকে তার মনোনয়নপত্রটি ছিনতাই করে নেওয়া হয়। তিনি এজন্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলকে দায়ী করেন।
এ বিষয়ে আবদুল হামিদ ভূঁইয়া জানান, তিনি সেখানে পৌঁছে দেখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া ১৫/২০ জন লোক নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিচ্ছেন। তারা বেড়িয়ে যাওয়ার পর তিনি মনোনয়ন জমা দেবেন বলেন সহকারী রিটার্নিং অফিসারের পাশের একটি কক্ষে বসে অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে কয়েক মিনিটের জন্যে তিনি বাহিরে বের হন। এ সময় তিনি মনোনয়নপত্রের কাগজপত্র গুলো সঙ্গে থাকা শেখ সানির কাছে রেখে যান। এ সময় ৫/৭ জন এসে সানিকে মারধর করে মনোনয়নপত্র বহন করা ব্যাগটি ছিনিয়ে নেয়।
আবদুল হামিদ ভূঁইয়া আরো জানান, ঘটনার পর তিনি সহকারী রিটার্নিং অফিসার ও থানায় বিষয়টি জানান। সহকারী রিটার্নিং অফিসার তাৎক্ষনিক সিসি ক্যামেরায় ছিনতাইকারীদের দেখা গেছে বলে স্বীকার করলেও পরে বলেন তার সিসি ক্যামেরা নষ্ট।
আরো পড়ুন: ‘সিনেমা ছাড়া আমার দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিল না’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জামান বলেন, কারা মনোনয়নপত্রটি নিয়েছে তা আমি জানিনা। পুলিশ এসেছে, আমরা তদন্ত করছি।
উল্লেখ্য, এখানে দলের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে একজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিলো।
ইত্তেফাক/অনি
