গাজাগামী মানবাধিকার কর্মীদের নৌযান আটক

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৭:৫৭
 
ফিলিস্তিনের অবরুদ্ধ শহর গাজার উদ্দেশে যাওয়া মানবাধিকার কর্মীদের একটি নৌযান আটক করেছে ইসরাইল। গাজা উপকূলে পৌঁছার আগেই সমুদ্র থেকে সোমবার নৌযানটি আটক করা হয় বলে জানিয়েছে ইসরাইলি নৌবাহিনী।
 
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যারিয়ান’ নামের ওই নৌযানটি আশদ শহরে নেয়া হয়েছে। আরোহীদের ওপর কোন প্রকার শক্তিপ্রয়োগ করা হয়নি বা সহিংসতার ঘটনাও ঘটেনি। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় অবরোধ ভাঙ্গার উদ্দেশ্য প্রতিহত করতেই আন্তর্জাতিক জলসীমায় নৌযানটি আটক করেছে তারা।
 
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নৌযান যাত্রীদের আটকের নির্দেশ দেন। তিনি বলেন, 'নৌবহরটি প্রতারণা ও মিথ্যার প্রত্যক্ষ প্রমাণ ছাড়া আর কিছুই নয়। এটা সন্ত্রাসী সংগঠন হামাসের পক্ষে এ অঞ্চলের ভয়াবহতা উপেক্ষা করে প্রবেশ করতে চাইছে।'
 
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক বছর ধরে চলা ইসরাইলের অনৈতিক অবরোধের প্রতিবাদে ‘স্বাধীনতা নৌবহর-৩’ নামে চারটি নৌযানে চড়ে সেখানে যাওয়ার ঘোষণা দেয় মানবাধিকার কর্মীরা। ওই নৌবহরে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি, স্পেনের সংসদ সদস্য আনা মারিয়া মিরান্ডা পাজা ও আরব-ইসরাইলি রাজনীতিক বাসেল গাত্তাসও থাকবেন বলে জানানো হয়। নৌবহরে চিকিৎসা সরঞ্জাম, সোলার প্যানেলসহ মানবিক ত্রাণ বহন করা হবে বলে জানানো হয়।
 
২০১০ সালে তুরস্কের 'মাভি মারমারা' নামক নৌযানে চড়ে অবরুদ্ধ গাজার উদ্দেশে রওয়ানা দেয় মানবাধিকার কর্মীরা। সেসময় ইসরাইলি সৈন্যরা নৌযানটিকে ঠেকাতে রক্তাক্ত অভিযান চালায়। এতে ১০ তুর্কি মানবাধিকার কর্মী নিহত হয়। সূত্র: বিবিসি, আলজাজিরা