ডিএসইর সূচকে ঊর্ধ্বমূখী ধারা অব্যাহত

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৮:৪৯
পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিনের মতো সার্বিক মূল্য সূচকে ঊর্ধ্বমূখী ধারা অব্যাহত রয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন বেড়েছে ১৮ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি ২৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে সাত কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে, ন্যাশনাল ফিড মিল লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। ন্যাশনাল ফিড মিল সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আর বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ না দেওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। সোমবার থেকে পরিবর্তনকৃত ক্যাটাগরির কার্যকর হবে।
 
এদিকে নগদ লভ্যাংশকে বোনাস শেয়ারে পরিবর্তন করেছে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেনসন। সাধারণ শেয়ারহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরের ৩০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু এজিএমে সাধারণ শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত নগদ লভ্যাংশকে বোনাস লভ্যাংশে পরিবর্তনের দাবি তুলে। এতে সাময়িকভাবে এজিএম মুলতবি করে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে পরিচালনা পর্ষদ পূর্বে ঘোষিত সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশকে সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ারে পরিবর্তন করে।