ফেনীতে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৯:১৪
 
ফেনীতে ১১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকার ফতেহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ছালেহ্ আহাম্মদ পাঠান জানান, একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারে থাকা মোহাম্মদ হোসেন নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রম থেকে ঢাকা যাচ্ছিলেন।
 
আটক মোহাম্মদ হোসেন নারায়ণগঞ্জের মুনতা স্টিল মিলসে কর্মরত এবং সিলেটের হবিগঞ্জের আমবাডিয়া এলাকার মৃত. মোখলেসুর রহমানের ছেলে।
 
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ সোলায়মান মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।