বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,যারা বড় বড় কথা বলছে, তারা সফল হবে না। আল্লাহ আমাদের সহায় আছে। মক্কা শরীফে আমাদের জন্য প্রতিদিন দোয়া হচ্ছে। সরকারের পতন কামনা করে দোয়া হচ্ছে। কারও না কারও দোয়া কবুল হবে।
সোমবার ইস্কাটন রোডের লেডিস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়ে হয়রানি হচ্ছে বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপি মহাসচিবকে জামিন দেওয়া হলেও তা নিয়ে এখন হয়রানি করা হচ্ছে। অথচ আওয়ামী লীগের লোকজন খুন করলেও তাদের কিছু হচ্ছে না। তারা সবাই পার পেয়ে যাচ্ছে। তাই এ জালিম সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। তারা ক্ষমা পাবে না। তাদের কি পরিণতি হবে, তারা তা বুঝতে পারছে না।
আওয়ামী লীগের সমালোচনায় খালেদা জিয়া বলেন, তারা নিজেরা নষ্ট হয়েছে, এখন যুব সমাজকে নষ্ট করতে চলেছে। ড্রাম ড্রাম মাদক আমদানি করে আজ যুব সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে।
৬টা ৪০ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। অনুষ্ঠানে ২০ দলের নেতাদের মধ্যে এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির (জাফর) কাজী জাফর আহমদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে শামীম বিন সাঈদী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
