ভুল করে বড়লোক!

আপডেট : ৩০ জুন ২০১৫, ০১:২২

ভুল করলে মানুষকে তার খেসারত দিতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের এক লোক প্রমাণ পেলেন ভুল করে কখনো কখনো বড়লোকও হওয়া যায়!

ঘটনাটি খুলে বলা যাক। সম্প্রতি স্ট্রেন চার্লস নামের এক বৃদ্ধ লোক ঘরে ফেরার জন্য বাসের টিকেট কিনতে যান। লটারির টিকেটের একটি ভ্রাম্যমাণ কাউন্টারকে বাসের টিকেট বিক্রির কাউন্টার মনে করে তিনি একটি টিকেট কেনেন। কিন্তু যখন বুঝতে পারেন এটি বাসের টিকেট নয়, তখন লটারির ভ্যানটি সেখান থেকে চলে গেছে।

এই ভুলের কারণে তিনি নিজের উপর প্রচন্ড বিরক্ত হন। তবুও তিনি টিকেটটি নষ্ট না করে পকেটে রেখে দেন। পরে নতুন করে বাসের টিকেট কিনে ঘরে ফেরেন। গত শুক্রবার ওই লটারির ড্র অনুষ্ঠিত হয়। কৌতুহলবশত তিনি নাম্বার মিলিয়ে দেখেন জিতে গেছেন ৩ লাখ ডলার!