রাজধানীর পুরানা পল্টন এলাকায় পুলিশের গুলিতে শামীম নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরেক যুবক। তার নাম আবদুল করিম। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি এই দুজন ছিনতাইকারী। তাদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পল্টন থানার এসআই মনসুর আহম্মেদ জানান, পল্টন এলাকার গাড়ি ব্যবসায়ী আহম্মেদ সাইফুল আলম সোমবার রাত ৯টার দিকে পল্টন মোড়ের মল্লিক মার্কেটের সামনে দিয়ে রিকশা করে যাচ্ছিলেন। এ সময় চারজন ছিনতাইকারী তার রিকশা থামিয়ে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। সাইফুল চিৎকার দিলে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে।
অদূরে টহলে থাকা পুলিশের একটি দলও ধাওয়া করে তাদের। এ সময় পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি ছিনতাইকারী শামীমের ডান পায়ের ঊরুতে এবং আরেকটি গুলি লাগে ছিনতাইকারী আবদুল করিমের ডান পায়ের হাঁটুর নিচে। অপর দুইজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সোয়া ১১টার দিকে শামীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
