আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যে চিকিৎসা পেয়েছেন ইউরোপ, আমেরিকাতেও এর চেয়ে বেশি হতো না বলে জানিয়েছেন ডা. দেবী শেঠী।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে উদ্দেশে তিনি বলেন, ‘ইউ আর ভেরি লাকি (আপনি খুবই ভাগ্যবতী)। তার সব চিকিৎসাই এখানে দেওয়া হয়েছে।’
সোমবার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে থাকা ওবায়দুল কাদেরকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। এ সময় তার সঙ্গে ছিলেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
মেডিকেল বোর্ডের সদস্য বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ‘বিএসএমএমইউর চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন ডা. দেবী শেঠি।’
আরো পড়ুন: আমি নোবেল পাওয়ার যোগ্য নই: ইমরান খান
উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শুরুতে ডা. দেবী শেঠী সেতুমন্ত্রীর করা সব রিপোর্ট দেখেন। এনজিওগ্রাম দেখার পর কিছুক্ষণের জন্য তাকে পর্যবেক্ষণে রাখেন। পরে তিনি (ডা. শেঠী) বলেন, তার যা চিকিৎসা প্রয়োজন সবটাই করা হয়েছে। এর চেয়ে বেশি চিকিৎসা ইউরোপ-আমেরিকাতেও হয় না। এখন চাইলে আপনারা তাকে শিফট করতে (দেশের বাইরে) পারেন।
এদিকে হৃদরোগ বিশেষজ্ঞ ডা দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। দুপুর সাড়ে তিনটার দিকে তাকে বহনকারী এ্যাম্বুলেন্সসহ গাড়ি বহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রওনা হয় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে। মাত্র দশ মিনিট সময়ের ব্যবধানেই তিনটা ৪০ মিনিটে ভিভিআইপি গেইট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে ওবায়দুল কাদেরকে বহনকারী গাড়ি বহর।
ইত্তেফাক/বিএএফ
