ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনায় পরিচালিত ৮টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়নের সময় সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ফান্ডগুলোকে অবসায়ন করতে হবে না হলে নিয়ম অনুসরণ করে বে-মেয়াদি ফান্ডে রূপান্তর করতে হবে। এ ছাড়া বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস পরিচালিত দুটি মেয়াদি ফান্ডেরও অবসায়নের সময় বেঁধে দিয়েছে কমিশন। গতকাল সোমবার বিএসইসির ৫৫০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, রূপান্তর বা অবসায়নের জন্য প্রথম মিউচুয়াল ফান্ডের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২য় ফান্ডের জন্য ২০১৬ সালের ৩১ জানুয়ারি, ৩য় ফান্ডের জন্য ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি, ৪র্থ ফান্ডের জন্য ২০১৬ সালের ৩১ মার্চ, ৫ম ফান্ডের জন্য ২০১৬ সালের ৩০ এপ্রিল, ৬ষ্ঠ ফান্ডের জন্য ২০১৬ সালের ৩০ জুন, ৭ম ফান্ডের জন্য ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর এবং ৮ম ফান্ডের জন্য ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। আর এইমস পরিচালিত ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ওয়ান এবং গ্রামীণ ওয়ান: ফার্স্ট স্কিম অব দ্য গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে রূপান্তর বা অবসায়নের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এছাড়া মেয়াদি মিউচুয়াল ফান্ড থেকে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের জন্য বিদ্যমান ‘কনভারশন গাইডলাইন’ এ কিছু সংশোধন আনা হয়েছে। যা শিগগির নির্দেশনা আকারে প্রকাশ করা হবে।
বিএসইসি আরো জানিয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে কোম্পানিটির অর্থ সংগ্রহের কথা ছিল। জানা গেছে, আইপিও অনুমোদন দেয়ার পর মূলধন বাড়ানোর ইস্যুতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন না নেয়ার প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে পুঁজিবাজারে চলমান মন্দার কারণে মার্জিন ঋণ বিধিমালার কিছু শর্ত শিথিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৯৯৯ সালের মার্জিন ঋণ বিধিমালার ৩(৫) ধারার কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এতে ঋণাত্মক ইক্যুইটির হিসাবেও শেয়ার লেনদেনের সুযোগ থাকবে। আগের ঘোষণা অনুসারে আজ থেকে শর্ত শিথিলের মেয়াদ শেষ হওয়ায় অনেক মার্জিন একাউন্ট পুরোপুরি ব্লক হয়ে যেত।
