পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো সূচক বেড়েছে। লেনদেনও রয়েছে বাড়ার প্রবণতায়। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৯০ কোটি টাকাা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৮ শতাংশ বেশি। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বহুজাতিক তিন কোম্পানি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন—ইতিবাচক খবরের প্রভাবে বৃটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। কোম্পানিগুলোতে লেনদেনও বেড়েছে। ফলে বাজারের মোট লেনদেন বেড়ে গেছে। লেনদেনের শীর্ষে উঠে আসা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩২ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ১৯ হাজার টাকা। আর গ্রামীণ ফোনের লেনদেন হয়েছে ১৮ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার।
তথ্যে দেখা গেছে—মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫১ বেড়ে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১৭ বেড়ে ১ হাজার ৭৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৪৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৬২ কোটি ১৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৮০ বেড়ে ১৪ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৯ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দর।
