নিজের বিভিন্ন বক্তব্যের জন্য প্রায়ই আলোচনার শীর্ষে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি দিল্লীতে একটি কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহরকে মানসিক রোগী বলে আবারও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
ভারতের রাজধানী দিল্লীতে সম্প্রতি 'ইন্ডিয়া টুডে কনক্লেভ' নামে একটি কনফারেন্সে যোগ দেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেখানে সাবেক প্রেমিক হৃত্বিক রোশন ও বলিউড পরিচালক করণ জোহরকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'করণ আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে আমাকে নিয়ে ব্যাঙ্গ করেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি বলেছেন, আমি নাকি তার কাছে কাজের জন্য ঘুরেছি। আমার কাজ ও চিন্তধারার সঙ্গে করণের বানানো ছবিগুলো মিলিয়ে দেখুন। তার সঙ্গে আমার চিন্তাধারার কোনো মিলই খুঁজে পাবেন না। তার কাছে চাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে'।
এ সময় তিনি করণকে মানসিকভাবে অসুস্থ অ্যাখ্যা দিয়ে বলেন, 'করণ একজন মিথ্যাবাদী। তার এখন চবনপ্রাস খাওয়া উচিৎ। এতে তার মানসিক সুস্থতা আসতে পারে'।
তিনি আরও বলেন, 'আমি যেখানে আছি ওরা কখনোই সেখানে পৌঁছাবে না'। এরপর করণ জোহরের অনুষ্ঠান কফি উইথ করণে কেন তার নাম সেরা অভিনেত্রীদের তালিকা থেকে বাদ দেওয়া হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অভিনেত্রীদের কথা উঠলে শুধু এতোটুকুই বলতে পারি, এখানে তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী বসে রয়েছেন। করণ জোহররা যাদের অভিনেতা-অভিনেত্রী বলে মনে করে তাদের অভিনয় ক্ষমতা নিয়েও আমার সন্দেহ রয়েছে'।
আরও পড়ুন: তওবা করে ভূমি অফিসের পিওনের ঘুষের টাকা ফেরত
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ঝাঁসির রানীর জীবনী নিয়ে নির্মিত ছবি 'মনিকর্ণিকা'। এখনো বক্স অফিসে ব্যবসা করা মনিকর্ণিকার সফলতার পর নিজের বায়োপিকের কথা ঘোষণা দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কঙ্গনা। তিনি জানান, 'আমি কোনো লুকোচুরির বায়োপিক করতে চাই না। আমার জীবনের সকল ভালো বা খারাপ বিষয়গুলো আমি এখানে দেখাতে চাই। আমার জীবনের সংগ্রামের বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে।
ইত্তেফাক/জেডএইচডি
