মহাখালীতে বাসচাপায় হেলপারের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৯:৪৭
 
 
রাজধানীর মহাখালীতে বাসচাপায় হুমায়ুন আহম্মদ (২০) নামে এক যুবক মারা গেছেন। তিনি গাজীপুর থেকে আজিমপুরগামী ভিআইপি ২৭ বাসের হেলপার ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেতুভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান—দুপুর ১২টার দিকে গাজীপুর থেকে আজিমপুরগামী ভিআইপি ২৭ বাস এবং এশিয়া পরিবহনের একটি বাস প্রতিযোগিতা করে বনানী থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। এ সময় আজিমপুরগামী ভিআইপি ২৭ বাসের হেলপার হুমায়ুন বাস থেকে ছিঁটকে এশিয়া পরিবহনের বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে থাকা ডিউটিরত ট্রাফিক পুলিশ নুরুল হক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
 
নিহত হুমায়ুনের বড় ভাই হাফিজুল ইসলাম মর্গে এসে লাশ শনাক্ত করেন। তিনি জানান—নিহত হুমায়ুন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দেবরাই গ্রামের সাঈদ মিয়ার ছেলে। তিনি খিলক্ষেত নিকুঞ্জ-২-এ থাকতেন।