বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাজধানীতে ‘মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় কর্মপরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতায় বার্নিকাট এ কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. এম মোজাম্মেল হক খান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, আইন সচিব আবু সালেহ শেখ এম জহিরুল হক এবং প্রবাসী কল্যাণ সচিব খন্দকার এম ইফতেখার হায়দারও বক্তব্য রাখেন।
বার্নিকাট বলেন, বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজ এ বিষয়ে সহযোগিতা করার গুরুত্ব বুঝতে পেরেছে এবং মানবপাচার রোধের প্রচেষ্টায় সম্মিলিতভাবে এগিয়ে এসেছে। মানবপাচার রোধের লড়াইয়ে মার্কিন সরকারের সঙ্গে জোরালো সহযোগিতা করার জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।
