কালকের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি হেফাজতের

আপডেট : ০১ জুলাই ২০১৫, ০০:৫১

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে হেফাজতের নেতারা এ ঘোষণা দেন।

 
বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, আত্মস্বীকৃত নাস্তিক লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার দেশের সর্বস্তরের মুসলমানদের সাথে প্রতারণা ও ধোঁকাবাজি করেছে এবং নাস্তিক্যবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। পবিত্র রমজানে আল্লাহ শয়তানকে বন্দী করে রাখেন আর বর্তমান সরকার শয়তান লতিফ সিদ্দিকীকে মুক্ত করে দিয়ে নিজে সেই কাতারে শামিল হয়েছে।
 
তারা বলেন, পবিত্র রমজান মাসে মুসলমানরা ইবাদত-বন্দেগীতে মশগুল থাকে। এ মাসকে টার্গেট করে এর পবিত্রতা নষ্ট করার জন্য লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়া হয়েছে।
 
নেতারা লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মুসলমানদের গণদাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখদের পরামর্শক্রমে লাগাতার হরতালসহ যেকোনও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন।
 
বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী, সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আলম, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা তাফাজ্জল হোসাইন হবিগঞ্জ, মুফতি মোজাফফর আহমদ, আল্লামা মুফতি আহমদুল্লাহ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা সালাহুদ্দিন নানুপুরী, মাওলানা মুফতি জসিমুদ্দিন প্রমুখ।
 
ফের গ্রেফতার না হলে হরতাল
 

শুক্রবারের আগে লতিফ সিদ্দিকীকে আবারো গ্রেফতার করা না হলে দেশজুড়ে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে ইসলামী ঐক্যজোট। গতকাল এক বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে শুক্রবার বাদ জুমা এই কর্মসূচি ঘোষণা করা হবে।