বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড ভাঙাই তার কাজ। অভিযোগ ছিল জাতীয় দলের হয়ে খেললেই পওয়া যায় না ভিন গ্রহের মেসিকে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে চার গোল করে গোল্ডেন বল জিতে প্রমাণ করেছেন জাতীয় দলের হয়েও কতটা অপ্রতিরোধ্য তিনি। কিন্তু চলতি কোপা আমেরিকায় আবারো সমালোচনাটি ধেয়ে আসছে লিওনেল মেসির দিকে। আসরে গোল করাই যেন ভুলে গেছেন চার বারের বর্ষসেরা তারকা। সেমিফাইনালের ম্যাচটির আগে মাত্র এক গোল করেছেন তিনি। তাও আবার পেনাল্টিতে ! এরপর টানা তিন ম্যাচে গোল করতে পারেননি মেসি। তাই দুয়োতো শুনবেনই আর্জেন্টাইন তারকা। কিন্তু নিজের এরূপ সমালোচনায় মেসি পাশে পাচ্ছেন সতীর্থ সার্জিও আগুয়েরোকে।
কিন্তু আগুয়েরো যতই বলুন, দলের এমন গোল খরার জন্য দলের সেরা তারকা মেসির দিকে সমালোচনার তীর ধাবিত হওয়াই স্বাভাবিক। আর্জেন্টাইন ভক্তরাও চেয়ে আছেন মেসির দিকে। কখন দলের সেরা তারকা ফিরবেন তার দুর্দান্ত ফর্মে। লিওনেল মেসি নিজেও বোঝেন সেটি। তাই গোলের জন্য বিলাপ করে মেসি বলেন, ‘একটি গোল করার জন্য যে পরিশ্রম করতে হচ্ছে তা সত্যিই ভয়ানক।’ ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন মেসির দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হয়েছে নাকি দলকে জিতিয়ে নিয়ে গেছেন কোপা আমেরিকার ফাইনালে।- সুপার স্পোর্টস, গোল ডট কম।
