বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

আপডেট : ০১ জুলাই ২০১৫, ০৩:৩০

ঢাকায় পৌঁছানোর কথা ছিলো সাত সকালে। কিন্তু দুবাইতে ফ্লাইট মিস করায় সেই আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে গেলো। একে বিশাল এই ভ্রমণ পথ; তারপর এই বিড়ম্বনা। সবমিলিয়ে ঢাকায় যখন পা রাখলো, আক্ষরিক অর্থেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তখন বিধ্বস্ত।

 
খেলায়ও আফ্রিকানরা এমন বিধ্বস্ত হবে কি না, সেটা সময় বলবে। তবে দলটির কোচ রাসেল ডমিঙ্গো ও টি-টোয়েন্টি অধিনায়ক ফাপ ডু প্লেসিস মনে করেন, কঠিন একটা সময় অপেক্ষা করছে তাদের জন্য। সাম্প্রতিক বাংলাদেশের পারফরম্যান্স দেখে তারা বুঝতে পারছেন আসছে সময়টা কতোটা কঠিন হতে যাচ্ছে।
 
দক্ষিণ আফ্রিকা দল দেশ ছাড়ার আগে কোচ ও অধিনায়ক বলছিলেন, বাংলাদেশ দল যে তিন-চার পেসার নিয়ে ইদানিং খেলছে, সেটা তাদের আরও বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।
 
বাংলাদেশ মানেই বাইরের দলগুলোর প্রস্তুতি থাকে তিন-চারজন স্পিনার, তথা বাহাতি স্পিনার সামলানোর। কিন্তু গত কয়েক মাস বাংলাদেশ ঘরের মাটিতেই সিমারদের স্বর্গ বানিয়ে ফেলেছে। ফাপ ডু প্লেসিস বলেছেন, তারা চরম বিস্মিত বাংলাদেশের এই ঘরের মাটিতে পেস বোলিংয়ের উত্থান দেখে। দক্ষিণ আফ্রিকার কোচ ডমিঙ্গো অবশ্য মনে করেন, এই পেস সহায়ক কন্ডিশন তাদের ভাগ্যে জুটবে না।
 
ডমিঙ্গো যুক্তি দিয়েই ভবিষ্যত্টা কল্পনা করে নিতে চেয়েছেন, ‘আমি মনে করি, উইকেট হবে উপমহাদেশের গড়পড়তা উইকেটের মতোই। তারা জানে, আমাদেরও চারজন পেসার আছে। তারা যদি ফাস্ট বোলারদের কথা চিন্তা করে উইকেট বানায়, সেটা আমাদের পক্ষেই আসবে।’
 
তবে উইকেট যেমনই হোক, সিরিজটা বাংলাদেশের দিকে আগে থেকেই হেলে আছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ। বাংলাদেশের ফর্ম ও নিজেদের কন্ডিশন বিবেচনায় নিয়ে শক্ত একটা চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছেন তারা, ‘বাংলাদেশের দর্শক, আবহাওয়া, উইকেটের ধরন আর বাংলাদেশের বর্তমান ফর্ম বিবেচনায় তাদের জন্য সফরটা কঠিন হতে যাচ্ছে।’
 
বিশ্বকাপ থেকেই বাংলাদেশের আগ্রাসী ক্রিকেট খেলার ধরনটা এরই মধ্যে চোখে পড়েছে দক্ষিণ আফ্রিকা কোচের। বাংলাদেশ সফরটা একটা চ্যালেঞ্জই হবে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশ তাদের মনোভাব বদলে ফেলেছে, তারা এখন অনেক বেশি আক্রমণাত্মক খেলে। মনে হচ্ছে, তাদের এখন নিজেদের ওপর বিশ্বাস আছে।’
 
বাংলাদেশের এই বদলে যাওয়া মনোভাবটাকেই হুমকি হিসেবে দেখছেন ডমিঙ্গো, ‘নতুন বিশ্বাস আর নতুন কিছু স্কিলের সমন্বয় ঘটিয়ে তারা অনেক বেশি কার্যকর ও অনেক বেশি বিপজ্জনক দলে পরিণত হয়েছে।’
 

এদিকে টি-টোয়েন্টি অধিনায় ডু প্লেসিস, এই সফরটাকে তাদের তরুণ বোলারদের জন্য নিজেদের প্রমাণের দারুণ একটা মঞ্চ বলে মনে করছেন। ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডারের অনুপস্থিতি তরুণরা ভালো কিছু করতে প্রস্তুত বলে দাবি করছেন তিনি। আবার তরুণদের দলে যোগ করা এই প্রাণশক্তির সঙ্গে সিনিয়ররাও যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা করেন অধিনায়ক।