ইন্দোনেশিয়ার মেডান নগরীতে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। বুধবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নগরীর এক হাসপাতালে পুলিশ কর্মকর্তা অগাস্টিনাস ট্যারিগান জানিয়েছেন, আমরা ১৪১ জনের মৃতদেহ পেয়েছি।
মঙ্গলবার সকালে সুমাত্রার উত্তরাঞ্চলীয় মেদান শহরে একটি হোটেল ও পাশ্ববর্তী আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরিত হয় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর সি-১৩০ বি হারকিউলিস বিমানটি। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৩০ জনের মৃতদেহ অপসারণ করেছেন, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই বিমানে কতজন আরোহী ছিলেন সে তথ্য কয়েক দফা পরিবর্তন করে ইন্দোনেশিয়ার সামরিক কর্তৃপক্ষ। বিমান বাহিনীর মুখপাত্র উই বাদার্মানতো শেষ পর্যন্ত ১২ জন ক্রুসহ ১২২ জন আরোহী থাকার কথা জানান। টাকার বিনিময়ে ওই বিমানে সামরিক বাহিনীর বাইরের লোকজনকেও তোলা হয়েছিল বলে একটি অভিযোগ উঠেছে, যা কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। সূত্র: বিবিসি ও এএফপি।
