আফগান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হলেন আনিসা রসুলি। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি মঙ্গলবার তার নাম ঘোষণা করেন। আফগানিস্তানের ইতিহাসে আনিসা সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারক।
আনিসা রসুলি আফগান নারী বিচারক সমিতির প্রধান ও দেশটির কিশোর আদালতের সাবেক বিচারক। আফগান সুপ্রিম কোর্টের নয় সদস্যবিশিষ্ট বেঞ্চে প্রথমবারের মতো নারী সদস্য হিসেবে মনোনীত হলেন তিনি। এই মাসের প্রথম দিকে কিছু রক্ষণশীল ইসলামপন্থীর বিরোধিতার কারণে তার নিয়োগের ঘোষণা বিলম্বিত হয়।
বেশকিছু কূটনীতিক ও নারী অধিকার কর্মী এক সমাবেশে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, আমি প্রথমবারের মতা সুপ্রিম কোর্টে একজন নারীকে মনোনীত করেছি। সুপ্রিম কোর্টে একজন নারী বিচারক নিয়োগ করা হলে তা দেশের বিচার ব্যবস্থা পাল্টে দেয় না। এ কাজে আমাদের পক্ষে আলেম সমাজের পূর্ণ সমর্থন রয়েছে।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে উচ্চপদে অধিকসংখ্যক নারী নিয়োগের প্রচেষ্টা চালাচ্ছেন। সূত্র: ডন।
