প্রবল বৃষ্টিপাতে ভারতের দার্জিলিংয়ে ভূমিধসে অন্তত ৩০ জন মারা গেছেন। বুধবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে। এসময় সেখানকার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। শুধু কালিমপংয়েই ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কুরসং উপবিভাগের তিনলাং চায়ের বাগানে ভূমিধসে বাড়ি ভেঙে অন্তত ১৯ জন নিহত হয়েছে। কালিমপংয়ে অন্তত সাতজন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তিনলাংয়ের বাড়ি মাটি চাপা পড়ে মিরিকের মাহিন্দ্রগাঁওয়ে তিনজন ও থানা লাইনে দুইজন মারা গেছেন।
দার্জিলিংয়ের জেলা প্রশাসক অনুরাগ শ্রীভাস্তাভা বলেছেন, মিরিক, কালিমপং ও সুখিপোখারিতে ১৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিরিকে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
