রাইট শেয়ার ইস্যুতে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট। প্রথমে ১৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নিলেও পরে তা ৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে—বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন-সাপেক্ষে ৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এ ক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ারের ইস্যু-মূল্য হবে ১৫ টাকা। পাঁচটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ার ইস্যুতে বিনিয়োগকারীদের সম্মতি নেয়ার জন্য আগামী ৩০ জুলাই বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষি ইনস্টিটিউট কমপ্লেক্স ভবনে ইজিএম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
