গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ঋণদাতাদের শর্তে 'নমনীয়' হয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছেন। আন্তর্জাতিক ঋণদাতাদেরকে পাঠানো এক চিঠিতে কিছু পরিবর্তন সাপেক্ষে শর্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন তিনি। খবর- বিবিসির।
ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে জানানো হয়েছে, ঋণ শর্তে কিছু পরিবর্তন আনা হলে এই সপ্তাহান্তেই একটি চুক্তির ব্যাপারে আশাবাদী সিপ্রাস। চিঠিতে দুটি শর্তে পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। 'গ্রিসের দ্বীপগুলোর জন্য ভ্যাট ছাড় ও চাকরি থেকে অবসর নেয়ার বয়স এখনই ৬৭ বছর না করে আগামী অক্টোবরে তা কার্যকর করা' আন্তর্জাতিক ঋণদাতাদের মেনে নেয়ার জন্য এই দুটি আহ্বান জানানো হয়েছে চিঠিটিতে।
চিঠির একটি কপি ফিনান্সিয়াল টাইমসের হাতে এসেছে। সংবাদপত্রটি জানিয়েছে, ঋণদাতাদের বেশিরভাগ শর্তই প্রধানমন্ত্রী সিপ্রাস মেনে নিয়েছেন।
গত সপ্তাহে ঋণদাতাদের এই শর্তগুলো নিয়ে আলোচনায় তা না মানার প্রতি অনড় অবস্থানে ছিল গ্রিস। আলোচনা ব্যর্থ হওয়ার এক পর্যায়ে গণভোটের ডাক দিয়ে 'না' ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এমনকি 'হ্যাঁ' জয়যুক্ত হলে পদত্যাগ করারও হুমকি দেন তিনি।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা বেইল আউট প্যাকেজের আওতায় নতুন করে অর্থ ছাড় করতে রাজি না হওয়ায় নির্ধারিত সময়ে আইএমএফের ঋণ পরিশোধে ব্যর্থ হয় গ্রিস। ফলে প্রথমবারের মতো ইউরোপের কোন দেশ হিসেবে ঋণ খেলাপির খাতায় নাম ওঠে গ্রিসের।
