যৌতুক দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:১৬

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রী তহমিনা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী আকাশ ওরফে মিঠুকে (৩৪) ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার তার আদালত কক্ষে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি আকাশ চুয়াডাঙ্গায় জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

মামলার বিবরণে প্রকাশ, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদ জুম্মা গ্রামে বাবার বাড়িতে ২০১৬ সালের ১৪ জুলাই রাতে খুন হন তহমিনা। তহমিনা খুনের ঘটনায় বাবা সবদ আলী বাদী হয়ে জামাতা আকাশকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: আপনি অনেক ভাগ্যবতী, কাদেরপত্নীকে ডা. দেবী শেঠী

মামলায় অভিযোগ করা হয়, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে জামাতা আকাশ প্রায়ই তহমিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। যে কারণে ২০১৬ সালের ১৩ জুলাই বাবার বাড়িতে চলে আসে। পরদিন  আকাশ এসে স্ত্রীর কাছে ক্ষমা চায় এবং রাতে শ্বশুরবাড়িতে থাকেন।

এদিকে, মাঝরাতে বাড়ির লোকজন তহমিনার গোঙানী আওয়াজ শুনে জেগে ওঠেন এবং আকাশকে পালিয়ে যেতে দেখেন। এরপর বাড়ির লোকজন দেখেন বিছানায় মেয়ে তহমিনার লাশ পড়ে আছে।

সদর থানার এসআই মাসুদ পারভেজ তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর আকাশ ওরফে মিঠুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ইত্তেফাক/বিএএফ