জুরাইনে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১০:৫৫
রাজধানীর কদমতলী থানার জুরাইনে জয়নাল আবেদীন (৬৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 
বৃহস্পতিবার ভোরে বৌবাজার এলাকায় হাজী আফসার গলি রোডে এ ঘটনা ঘটে।
 
নিহতের ছেলে সোলায়মান তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সকাল পৌনে আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
সোলেমান জানান, তার বাবা ভোরে কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এ সময় কয়েকজন লোক ‌তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জয়নাল ইট, বালু আর খোয়ার কাজ করতেন। 
 
কর্মক্ষেত্রের বিরোধিতার সূত্র ধরে আক্রমণের শিকার হয়েছেন বলে দাবি করেন সোলেমান। 
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, নিহত বৃদ্ধের শরীরে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।