ভক্তদের ভালোবাসায় ফিরলেন মাশরাফি

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১১:০৩
 
সতীর্থ নাসির হোসেনের একটি ফেসবুক পোস্টে ভক্তদের বাজে মন্তব্যের প্রতিবাদে নিজের পেজটি বন্ধ করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে ভক্তদের ভালোবাসা উপেক্ষা করে বেশিদিন দূরে থাকতে পারলেন না তিনি। বুধবার রাতে নিজের ফেসবুক পেজটি অ্যাক্টিভ করেছেন টাইগার অধিনায়ক।
 
ফেসবুকে ফিরে প্রথম বার্তায় মাশরাফি লিখেছেন, ‘সবার ভালোবাসায় পেইজটা না খুলে আর পারলাম না। সম্প্রতি কিছু ঘটনার কারণে ভেবেছিলাম বন্ধ থাকুক। কিন্ত সবাই আর সেটা হতে দিল না। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় তো আমাদের এত দূর আসা। আশা করি, কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
 

এর পরপরই মাশরাফি আরেক বার্তায় লেখেন, ‘আপনাদের নিয়েই দেশ...আর দেশের জন্যই খেলি আমরা...আপনাদের ভালোবাসা পাচ্ছি...চাই গঠনমূলক সমালোচনা...ভিত্তিহীন নিন্দা করে নিজের দলকে আশাহত করবেন না।’