নারায়ণগঞ্জ বাসে গণধর্ষণ: আরো এক অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১৬:৫৫
জেলার সোনারগাঁও উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় গত ১১ মে রাতে বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি জসিমকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জসিম নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদি গ্রামের বাসিন্দা।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুনুর রশিদ জানান, জসিমকে গ্রেফতারের আগে ওই ঘটনার পরদিন বাস হেলপার রুবেল গ্রেফতার হয়েছিলেন। ঘটনার মূল হোতা বাস চালক চান্দু মিয়াকে ২৭ মে  সাভার বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় আরো এক অভিযুক্ত পলাতক রয়েছে।
 
উল্লেখ্য, উপজেলার ফকির পোশাক কারখানা থেকে ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে ছুটি শেষে কর্মীদের নিয়ে শ্রমিকবাহী একটি বাস সোনারগাঁয়ের ধন্দী এলাকার উদ্দেশ্যে রওনা হয়। এর চালক ছিলেন চান্দু মিয়া।
 
ওই বাস থেকে বিভিন্ন জায়গায় একে একে সব কর্মী নেমে গেলে ২৫ বছরের ওই নারী কর্মী বাসের মধ্যে ঘুমিয়ে যায়। এ সময় বাস উপজেলার চরকামালদী বালুর মাঠ এলাকায় নিয়ে গিয়ে ওই বাসের চালক চান্দু মিয়া, হেলপার রুবেলসহ ৩-৪ জনের একটি দল রাতভর বাসের ভিতরই পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। ভোররাতে ধর্ষিতার জ্ঞান ফিরে আসলে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি জানান। পরিবারের লোকজন ওই নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  আশংকাজনক অবস্থায় তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
এ ঘটনায় মামলা হয়।