নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর ছেলের লাশ উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০১৫, ২১:১০
সিলেটর জৈন্তাপুরের চতুল কান্দিগ্রামের সৌদি আরব প্রবাসীর ছেলে ওসমান গণি নিশাতের (১৭)  লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার সুতারি খাল থেকে গলা কাটা অবস্থায় তার  লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাড়ি থেকে পার্শ্ববর্তী বাজার কানাইঘাট উপজেলার চতুল বাজারে কেনাকাটার জন্য গেলে নিশাত আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও নিশাতের কেনো হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে সুতারি খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
গতকাল বুধবার নিখোঁজ হওয়ার বিষয়টি নিহতের বাবা মন্তাজ আলী ময়না মিয়া থানা পুলিশে জানায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক জানান, নিখোঁজ নিশাতসহ আটকরা কানাইঘাটের চতুল বাজারে ঘটনার দিন রাতে ফেন্সিডিল সেবন করেছিল। আটকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হবে।