বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে প্রচণ্ড অসুস্থ বেগম জিয়াকে সুস্থ বলে ফেরত পাঠিয়েছে অন্ধকার কারাগারে। বিনা চিকিৎসায় বেগম জিয়াকে পরিত্যক্ত কারাগারের পর্যাপ্ত আলো-বাতাসহীন স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। সত্তরোর্ধ্ব একজন প্রৌঢ় মহীয়সী নারী, যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে ফেলে রেখে চরম মানসিক ও শারীরিক শাস্তি দিচ্ছে।
সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয়। আপনাদের ক্ষমতার দম্ভ চিরদিন থাকবে না। অমানবিকতা পরিহার করুন, এখনো সময় আছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, সুচিকিৎসার সুযোগ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, তিন বার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটান। তাকে মুক্তি দিন। জামিনে আর বাধা দিবেন না।
ঔপনিবেশিক আমলেও জনপ্রিয় রাজনৈতিক দলের রাজবন্দীর প্রতি এমন অমানবিক আচরণ করা হয়নি। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী বুধবার ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, রবিবার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেছেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। খুবই অসুস্থ আমি। চিকিৎসকরা দরকারি চিকিৎসাসেবা দিচ্ছেন না। মাত্র একবার এসে চিকিৎসকরা দেখে গেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয়নি। ডায়বেটিসের রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। থেরাপি ঠিকমতো দেওয়া হচ্ছে না। আমি সত্যিই অসুস্থ।
আরও পড়ুন: কানাডার বিরুদ্ধে মামলা করলেন হুয়াওয়ে’র মেং
রজভী বলেন, দেশবাসীর প্রিয় নেত্রী নিজের মুখে এই প্রথম এমন ভয়াবহ অসুস্থতার কথা বললেন। তার স্বাস্থ্যের চরম ক্রমাবনতিতে দেশবাসীর মতো আমরা খুবই উদ্বিগ্ন। এক পয়সাও তসরুপ না হলেও দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রেখে আর কত প্রতিহিংসার জ্বালা মেটানো হবে?
তিনি বলেন, আমরা প্রতিদিন নানাভাবে আহ্বান এবং দাবি করে আসছি- বেগম খালেদা জিয়াকে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তাকে জামিনে মুক্তি দিন।
ইত্তেফাক/এমআই
