ফিলিপাইনে ফেরিডুবিতে ৪০ জনের প্রাণহানি

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ০১:১০

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে উপকূলীয় এলাকায় সাগরে একটি যাত্রীবাহী ফেরি ডুবে ৪০ জন আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমবিসিএ কিম-নার্ভানা ফেরিটি উল্টে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ১৭৩ জন যাত্রী ও ১৬ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

ফেরিটি ওরমোক বন্দর থেকে সেবু প্রদেশের ক্যামোতেস দ্বীপে যাচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড। রয়টার্সকে পুলিশ ও কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটির ১১৮ জন আরোহী রক্ষা পেয়েছেন। তবে তারা কীভাবে রক্ষা পেয়েছেন, সাঁতরে তীরে এসেছেন নাকি তাদের উদ্ধার করা হয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি। ডুবে যাওয়া ওই ফেরিটির ৫০ থেকে ৭০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন। তীর থেকে উল্টে যাওয়া ফেরিটি দেখা যাচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। তিনি বলেছেন, ৫০ থেকে ৭০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে, তাদের খাবার, পানি ও কম্বল দেওয়া হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ও ডুবুরি পাঠিয়েছি আমরা। ওরমোক বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, উল্টে যাওয়া ফেরিটির ভিতরে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।