ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ০৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন অ্যাকশন’। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ। নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘গত দুই ঈদের দর্শকপ্রিয়তার ভিত্তিতে আমি এর নতুন সিক্যুয়াল তৈরি করেছি। এবারে নাটকের শুরুর দিকে কিছু ঘটনার জাল তৈরি করা হয়েছে। যার মধ্যে বিশেষ একটি গতি রয়েছে। নাটকের গল্পের সাথে দর্শকও দেখার আনন্দটা উপভোগ করবেন বলে আমার বিশ্বাস’।
নাটকের গল্প সহজ-সরল বাবু ভাইকে কেন্দ্র করে। সে একটি ভালো কাজ করতে গিয়ে কিছু দুষ্টু লোকের ষড়যন্ত্রের শিকার হন। এরমধ্যে আবার তার পুরোনো প্রেমিকার প্রসঙ্গ নিয়ে স্ত্রীর সাথে শুরু হয় নতুন কলহ। একদিকে ষড়যন্ত্রকারীরা ‘বকরি বাদল’ নামে শহরের শীর্ষ সন্ত্রাসীর ভয় দেখিয়ে বাবু ভাইকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। অন্যদিকে ভেতরে ভেতরে চলতে থাকে স্ত্রীর কাছে পুরোনো গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ার শঙ্কা। এরমধ্যে বাবু ভাই ‘বকরি বাদল’-কে হটানোর জন্য আরেক সন্ত্রাসী ‘কানা মিজান’-এর দারস্থ হয়। কিন্তু তাতে সঙ্কট আরও ঘনীভূত হয়। নাটকের শেষ দৃশ্যে আবিস্কৃত হয় অন্য এক সত্য। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
