‘খালেদা জিয়া হীনমন্যতা থেকে বের হতে পারেননি’

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৫:৫৫
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও হীনমন্যতা থেকে বের হতে পারেননি। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচন সভায় তিনি এই মন্তব্য করেন।
 
হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংকের সূচকে বাংলাদেশ একধাপ এগিয়েছে। এতে বিশ্ব সমপ্রদায়সহ অনেকেই বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। খালেদা জিয়ার কাছেও জাতি এই ধরনের কিছু আশা করেছিল। কিন্তুতিনি জাতিকে হতাশ করেছেন। তিনি হীনমন্যতা থেকে এখনও বের হতে পারেননি।
 
‘বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। আদালতে গিয়ে কোনো বিচার পাওয়া যায় না।’- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আমি বলতে চাই, মন্ত্রীর বিরুদ্ধেও বাংলাদেশের আদালত রায় দেয়। এরপরও কি প্রমাণিত হয় না বিচার বিভাগ স্বাধীন ?
 
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা ‘প্রেক্ষাপট চলমান রাজনীতি : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও জাতির উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
 
আয়োজক সংগঠনের সভাপতি করিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।