যশোরে রুস্তম আলি (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাশিমপুর গ্রামের বিশ্বাসপাড়ার আমজাদ হোসেনের ছেলে। সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রুস্তম আলীর বাড়ির লোকেদের অভিযোগ, রুস্তমের শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়েছে।
মৃতের চাচা আমির হোসেন জানান, ‘রুস্তম সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়েকে প্রায় ৯ মাস আগে বিয়ে করে। রবিবার দুপুরে রুস্তমের মায়ের সঙ্গে তার বউয়ের গোলযোগ বাঁধে। এক পর্যায়ে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। বিকেলে রুস্তম শ্বশুরবাড়ি যান স্ত্রীকে আনতে। সোমবার সকালে রুস্তমের শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলে রুস্তম বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তিনি এখন সদর হাসপাতালে। হাসপাতালে এসে দেখেন শ্বশুরবাড়ির লোকজন জরুরি বিভাগে মরদেহ রেখে পালিয়েছে। রুস্তম বিষপান করে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’
চিকিৎসক সফিউল্লাহ সবুজ জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
আরও পড়ুনঃ বগুড়ায় রেলওয়ের জমিতে থাকা ৩শ অবৈধ স্থাপনা উচ্ছেদ
এসআই হায়াৎ মাহমুদ জানান, ‘মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন নাই। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত শেষে জানা যাবে।’
ইত্তেফাক/নূহু
