গুজরাট দাঙ্গা নিয়ে মুখ খুললেন সাবেক ‘র’ প্রধান

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৯:৪৫


খারাপ সময় যেন কিছুতেই কাটতে চাইছে না বিজেপি নেতৃত্বের। সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজে, শিবরাজ সিংহ চৌহানদের নিয়ে অস্বস্তি তো ছিলই, এর উপর গোদের উপর বিষফোড়ার মতো যুক্ত হল ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান এ এস দুলাত এর একটি মন্তব্য।

গুজরাট দাঙ্গা প্রসঙ্গে মুখ খুলে প্রভাবশালী ওই সংস্থার প্রাক্তন প্রধানের দাবি, ঘটনাটিকে সরকারের ভুল বলে স্বীকার করে নিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

প্রায় ১৩ বছর আগে গুজরাটের দাঙ্গার সময়ে কেন্দ্র এবং রাজ্য দুই জায়গাতেই ক্ষমতায় ছিল বিজেপি সরকার। ঘটনার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। তৈরি হয় একাধিক কমিটি। জেরা করা হয় গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সুষমা-বসুন্ধরা নিয়ে ওঠা চলতি বিতর্কে প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে ধর্ম পালনের পরামর্শ দিয়ে কংগ্রেস মনে করিয়ে দেয়, গুজরাট দাঙ্গার সময়ে প্রধানমন্ত্রী বাজপেয়ীও মুখ্যমন্ত্রী মোদীকে রাজধর্ম পালনেরই পরামর্শ দিয়েছিলেন।

বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে ‘র’-এর সাবেক প্রধান এ এস দুলাত দাবি করেছেন, তার সঙ্গে হওয়া শেষ বৈঠকে গুজরাট দাঙ্গাকে তাদের সবচেয়ে বড় 'ভুল' বলে ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী বাজপেয়ী। সেই সময়ে প্রধানমন্ত্রীকে যথেষ্ট বিমর্ষ দেখাচ্ছিল বলেও দাবি করেন দুলাত। দুলাতের এই মন্তব্য নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও কথা বলেনি কংগ্রেস।

তবে শুধু গুজরাট দাঙ্গা নয়, সাক্ষাতকারে একাধিক বিতর্কিত বিষয়ের অবতারণা করেছেন দুলাত। তার দাবি, ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণের ঘটনায় তিন সন্ত্রাসবাদীকে মুক্তি দেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় জম্মু-কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার। দুলাতের দাবি, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করার কথাও ভেবেছিলেন ফারুক। সূত্র: আনন্দবাজার