উইকিলিকস জার্মান রাজনীতিবিদদের ওপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর আরো নজরদারি দাবি করার পর এ অভিযোগ নিয়ে আলোচনার জন্য বার্লিনের মার্কিন রাষ্ট্রদূতকে বৈঠকে ডেকেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মান সরকারের একটি সূত্র স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
সূত্র জানিয়েছে—মার্কেলের চিফ অব স্টাফ মার্কিন রাষ্ট্রদূত জন এমারসনকে গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালেই এ বৈঠক হওয়ার কথা।
জার্মানিতে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি নিয়ে কেলেঙ্কারির মধ্যেই সম্প্র্রতি আবার নতুন করে চ্যান্সেলর মার্কেলসহ জার্মানির কয়েকজন ঊর্ধ্বতন সরকারি সদস্যের ওপর এনএসএর নজরদারির অভিযোগ ওঠে।
উইকিলিকসের ফাঁস করা নতুন তথ্যানুযায়ী—এনএসএ যে শুধু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোনের ওপর নজর রেখেছে, এমন নয়—অর্থ, অর্থনীতি এবং কৃষি মন্ত্রণালয়েও আড়ি পেতেছে৷
