কলম্বিয়ায় ২ দফা বিস্ফোরণে আহত ১০

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ২০:১৫
 
 
কলম্বিয়ার রাজধানী বোগোটায় দুটি বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছে। দমকল বিভাগ টুইটারে জানায়—স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে  প্রথম বিস্ফোরণটি ঘটে। বোগোটার বাণিজ্যিক প্রাণকেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই একটি শিল্প এলাকায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। খবর এএফপি।
 
এই বিস্ফোরণে আহত ১০ জনের কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়। তবে প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেজাস এই ঘটনার জন্য সন্ত্রাসীদের দায়ী করে বলেন, ‘নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।’
 
বাণিজ্যিক এলাকায় এই বিস্ফোরণে জানালা ভেঙে যায় ও আতঙ্কের সৃষ্টি হয়। প্রচণ্ড শব্দে এই বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত একটি হাসপাতালে পাঠানো হয়।
 
স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান ফার্নান্ডো ক্রিস্টো বলেন, ‘এই ঘটনার কারণে নিরাপত্তা পদক্ষেপ খতিয়ে দেখতে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস পেরুতে একটি আঞ্চলিক সম্মেলন থেকে দেশে ফিরে আসেন।’
 
ভিলেজাস এই ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে ১০ কোটি পাসো (৩৮ হাজার মার্কিন ডলার) পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।
 
ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কলম্বিয়ার রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ৬টি ছোট ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।
 
এই বিস্ফোরণে জন্য একটি অপরাধী চক্রকে দায়ী করা হয়েছে। চক্রটি কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) পক্ষে কাজ করছে। ইএলএনের সঙ্গে সরকারের বর্তমানে প্রাথমিক শান্তি আলোচনা চলছে।
 
কলম্বিয়ার সরকারি বাহিনীর ওপর মার্কসবাদী বিদ্রোহী সংগঠন ফার্ক বিদ্রোহীদের হামলা বেড়েই চলেছে। যদিও তারা গ্রামীণ এলাকাগুলোতেই মূলত অবস্থান করছে।