ছন্দে থাকা আর্জেন্টিনা কী করতে পারে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে এটা ভালো করেই টের পেয়েছে প্যারাগুয়ে। ৬-১ গোলে উড়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে চিলিকে সতর্ক করে দিয়েছে তারা।
সান্টিয়াগোতে আগামী শনিবার এবারের কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুইন, অ্যাঞ্জেল দি মারিয়া আর কার্লোস তেভেজরা মাঠে জায়গা পেলে কী করতে পারেন সেটাই চিলিকে স্মরণ করিয়ে দিয়েছেন প্যারাগুয়ের স্ট্রাইকার লুকাস বারিওস। তিনি বলেন, 'চিলিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ, আমরা জানি, আর্জেন্টিনাকে আক্রমণ করতে গেলে আমাদের যা হয়েছে তোমাদেরও তাই হতে পারে।'
আর্জেন্টিনাকে আক্রমণ করতে গেলে চিলি উল্টো ঝামেলায় পড়ে যাবে বলে মনে করেন বারিওস। এমনটা হলে চিলির অরক্ষিত রক্ষণ আর্জেন্টিনার পাল্টা আক্রমণ আর ঠেকাতে পারবে না বলেই ধারণা তার। তবে স্বাগতিক হওয়ায় কিছুটা সুবিধা পাবে চিলিও। সব মিলে তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ দেখার আশাবাদ তার, ‘অসাধারণ সব খেলোয়াড় নিয়ে দারুণ এক দল চিলি কিন্তু আর্জেন্টিনাই ফেবারিট। নিশ্চিত করে অসাধারণ এক ফাইনাল হবে।
