অ্যাসাঞ্জের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করল ফ্রান্স

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ০০:০১

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয়ের আবেদন প্রত্যাখান করেছে ফ্রান্স সরকার। বর্তমানে পশ্চিম লন্ডনে ইকুয়েডর দূতাবাসে থাকা অ্যাসাঞ্জের ‘তাত্ক্ষণিক বিপদের আশঙ্কা নেই’ বলে মনে করে ফ্রান্স। অ্যাসাঞ্জ  ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে একটি খোলা চিঠিতে তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়ার আবেদন জানিয়েছিলেন। প্রতিক্রিয়ায় এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘ফ্রান্স তার আবেদন অনুযায়ি পদক্ষেপ নেবে না। বর্তমান পরিস্থিতিতে তার কোনে বিপদের আশংকা নেই।’ খবর আল জাজিরার।

 

ফ্রান্সের পক্ষ থেকে শরণার্থীর স্বীকৃতি পেলে অ্যাসাঞ্জের তেমন কোনো কাজে আসতো না। কারণ তিন বছরেরও বেশি সময় ধরে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জ দূতাবাস ত্যাগের চেষ্টা করলেই লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। সুইডেনের প্রসিকিউটররা ২০১০ সাল থেকেই ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করে আসছেন। অ্যাসাঞ্জ এই অভিযোগ অস্বীকার করে আসছেন।