‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। আর ‘ইত্যাদি’র গান ও নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। তাই প্রতিবারই চেষ্টা করা হয় গানের বিষয়, কথা, মিউজিক কিংবা নাচের মিউজিক, মুদ্রা, চিত্রায়ণ সর্বোপরি শিল্পী নির্বাচনে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি রয়েছে। এবার একইসঙ্গে গান এবং নাচের আয়োজনে আছে দুই প্রজন্মের চমক। অর্থাত্ সঙ্গীত তারকা সাবিনা ইয়াসমিন এবং তার কন্যা বাঁধন, নৃত্য তারকা মৌ ও তার কন্যা পুষ্পিতাকে এই প্রথম একসঙ্গে দেখা যাবে ‘ইত্যাদি’র ঈদের মঞ্চে। সাবিনা ইয়াসমিন ও তার কন্যা গাইবেন আর সেই গানের সঙ্গে মৌ আর তার কন্যা পুষ্পিতা নাচবেন। সবসময় যে ধরনের নাচ ও গানের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই গানটি এবং নাচটি তার চেয়ে ব্যতিক্রমী। মিউজিক এবং নাচের মুদ্রায় গানের সঙ্গে নাচের এক অপূর্ব সমন্বয় করা হয়েছে। ‘সপ্ত স্বরের শিখা আমি, নতুন আলো জ্বেলে দিলাম...’ মোহাম্মদ রফিকউজ্জামান কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। যৌথভাবে নৃত্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী বেবী ও সাদিয়া ইসলাম মৌ। নৃত্যে মৌ ও পুষ্পিতার সঙ্গে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস-এর একদল নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছে। ফাগুন অডিও ভিশন জানায়, এবারের ঈদে মা এবং কন্যার এই নাচ-গান দর্শকদের অনেক আনন্দ দেবে।
