খেলার পেছনে টাকা খরচ করতে পিছপা হন না ভক্তরা। সেখানে কোপা আমেরিকার মতো ফাইনাল দেখতে হলে তো একটু বেশিই খরচা করতে হবে। তাই বলে টিকেট কিনতে হবে নির্ধারিত মূল্যের চেয়ে হাজার গুণ বেশি দামে! এবার তেমনটাই দেখা যাচ্ছে লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার ৪৪তম আসরে।
এই আসরের ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম হাঁকানো হয়েছে ৪২ হাজার ৭৪৭ পাউন্ড। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৮২ হাজার ৩১ টাকা। সর্বনিম্ন টিকিটের দাম হাঁকানো হয়েছে ৪৬ হাজার ৩০৮ টাকা।
শনিবার রাত দুইটায় চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-চিলি। ২৩ বছর পর কোপার শিরোপা জয়ের খরা ঘোচানোর সুযোগ আর্জেন্টিনার সামনে। পাশাপাশি সর্বোচ্চ শিরোপা জয়ী উরুগুয়েকে ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে তাদের সামনে। অন্যদিকে কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি আয়োজক চিলির সামনে।
