বিচারপতি সুলতান হোসেন খান আর নেই

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৫:১৬


সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি সুলতান হোসেন খান আর নেই। শনিবার ভোর ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

 

স্কয়ার হাসপাতাল সূত্র তার মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছে।

 

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
সুলতান হোসেন ১৯২৫ সালে ঝালকাঠি জেলার রাজাপুরে জন্মগ্রহণ করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
আজ শনিবার সুপ্রিম কোর্টে সুলতান হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার ছেলেমেয়েদের কয়েকজন দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তাদের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার পর তার লাশ দাফন করা হবে।