বাড়িতে টয়লেট না থাকায় কিশোরীর আত্মহত্যা

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৩:২২

বাড়িতে টয়লেট না থাকায় আত্মহত্যা করেছে ১৭ বছর বয়সী এক ভারতীয় কিশোরী। শুক্রবার দুমকার গৌশালা রোড এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করে স্থানীয় এএন কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী খুশবু। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নিজ বাড়িতে টয়লেট না থাকায় দাদার বাড়িসহ আশপাশের বাড়িতে গিয়ে বাথরুম করতে হতো খুশবুর। এতে বিরক্ত ছিল সে। বাড়ির ভেতর একটা টয়লেট বানাতে মা-বাবাকে বুঝিয়েও ছিল। কিন্তু টয়লেট না বানিয়ে সীমানা প্রাচীর দেয়া হয় বাড়িতে। আর এসব নিয়ে অভিমান করে আত্মহত্যা করে খুশবু।

খুশবুর মা সানঝু দেবী বলেন, খুশবু বাড়ির ভেতর একটি টয়লেট বানানোর জন্য প্রায়ই বলতো। কিন্তু আমরা তা না করে একটা সীমানা প্রাচীর বানিয়ে দেই। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। টয়লেট বানানোর চেয়ে খুশবুর বিয়ে দেয়া বেশি জরুরি ছিল আমাদের কাছে। আর এসব নিয়ে অভিমান করে সে এক পর্যায়ে আত্মহত্যা করে।